
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৬) নামে এক ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে ফতুল্লার দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সাতুর ধনপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি ফতুল্লার পোস্ট অফিস রোডের ইউনিয়ন পরিষদ গলিতে অবস্থিত একটি ডাইং কারখানায় কাজ করতেন। তার স্ত্রী তামান্নাও একটি গার্মেন্টসে চাকরি করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বোন, বোন জামাইসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও বোনকে থানায় আনা হয়েছিল। পরে নিহতের মায়ের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।